
সম্প্রতি পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে বাংলাদেশে। এতে পরিবেশের ওপর বিপর্যয়ের পাশাপাশি বাড়ছে মানুষের স্বাস্থ্যগত নানা ঝুঁকিও। তাই এ সংকট মোকাবেলায় টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দিয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা।
বৃহষ্পতিবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং জাইকা’র চিফ রিপ্রেজেনটেটিভ হিরাতা হিতোশি’র মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়টি উল্লেখ করেন জাইকার প্রতিনিধি। বৈঠকে দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, তথ্য সংগ্রহ, স্থানীয় পর্যায়ে গবেষণাগার প্রতিষ্ঠা, নতুন প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন নতুন প্রকল্পে জাইকার সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
জাইকার কর্মকর্তা হিরাতা হিতোশি বলেন, বাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। এজন্য জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় জাইকা।

“সকল ক্ষেত্রেই টেকসই উন্নয়ন জাইকার অগ্রাধিকার। ডেল্টা প্লান গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ডেল্টা প্লান বাস্তবায়নেও জাইকার সহযোগিতা অব্যাহত থাকবে,” উল্লেখ করেন জাইকা’র চিফ রিপ্রেজেনটেটিভ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, সকল প্রকার দূষণ রোধ এবং পরিস্কার ও সবুজ বাংলাদেশ করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এক্ষেত্রে রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণ, ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনা, সোলার প্যানেল সরবরাহে জাইকার সহায়তা পেলে বাংলাদেশে দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম আরো জোরদার হবে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান এনডিসি, অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন, ড. এস এম মনজুরুল হান্নান, ড. আলমগীর মুহম্মদ মনসুরউল আলম ও মিজানুল হক চৌধুরী এবং জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ কোজি মিতোমোরিসহ জাইকার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










































