
২০১৯ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের দাবানল এখনো জ্বলছে নিয়ন্ত্রণহীনভাবে। প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী পুঁড়ে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউ সাউথ ওয়েলসে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভয়াবহ দাবানলে ভস্মিভূত হয়েছে হাজারো বাড়িঘর। প্রাণহানি হয়েছে অন্তত ১৮ জন মানুষের।
দাবানল ছড়িয়ে পড়া এলাকায় আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে দেশটির নৌবাহিনী। ইউনিভার্সিটি অব সিডনির বন্যপ্রাণীবিদেরা জানান, মৃত বন্যপ্রাণির তালিকায় স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ এবং রয়েছে আট হাজার বিলুপ্তপ্রায় কোয়ালাও।

গেল চার মাসে দাবানলে পুড়েছে হেক্টরের পর হেক্টর বনাঞ্চল। নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূল এলাকার পর্যটক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশনা দেয়া হয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন স্থানীয় দমকল বাহিনী ও কয়েক হাজার স্বেচ্ছাসেবী। দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। এ অবস্থায় মানুষজনকে আতঙ্কিত না হওয়াসহ জরুরি বিভাগের কর্মীদের ওপর আস্থা রাখার অনুরোধ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অন্যত্র সরে যাওয়া কৃষকরা আগুন নিভে যাবার পর ফিরে দেখেন ফসলি জমি, গৃহপালিত ও বন্যপ্রাণী পুড়ে ছাই হয়ে আছে। অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণীদের মধ্যে সবচেয বেশি ক্ষতি হয়েছে কোয়ালা। কারণ এরা ধীরে চলাফেরা করে।

ভিডিও ও ছবিতে দেখা যায়, দাবানলের আগুন থেকে বাঁচার চেষ্টা করছে ক্যাঙ্গারুরা। প্রত্যক্ষদর্শীরা জানান, অসংখ্য প্রাণী পুড়ে মারা গেছে। কাকাতুয়াসহ অন্য অনেক পাখি মরে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে। আরও ভয়াবহ রূপ নিচ্ছে দাবানল। ফলে প্রাণীদের এ সঙ্কট আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।













































